‘আমরা জনগণের পুলিশ হতে চাই’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না, জনগণের পুলিশ হতে চাই। এ জন্য আমাদের যা করা দরকার তাই করবো।’

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে কলাবাগানে একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘আমরা কেউই জবাবদিহির ঊর্ধ্বে নই। আমাদের জবাবদিহি আপনাদের কাছে। আমরা আপনাদের সঙ্গে নিয়ে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই।’

তিনি বলেন, ‘অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জনগণ অন্যতম সহায়ক শক্তি। সেই শক্তি পাশে থাকলে অপরাধ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। আপনাদের বাসা ও প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে, তার ব্যাকআপ আছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। যাতে পরবর্তী সময়ে কোনও ঘটনা ঘটলে আমরা সেই সিসিটিভির সহায়তা নিতে পারি।’

তিনি আরও বলেন, ‘মাদক, চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য নির্ভয়ে দিয়ে সহযোগিতা করুন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জুলাই বিপ্লবকে আমাদের মনে-প্রাণে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

মতবিনিময় সভায় আরও ছিলেন ডিএমপির রমনা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেত, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা।