দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক জাফর সাদেক শিবলী বাদী হয়ে ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে আয়ের বৈধ উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১২ কোটি ২২ লাখ ৯৯ হাজার ৬২০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগ-দখলে রাখেন। এছাড়াও তার নিজের নামে ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামের ২৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে প্রায় ৩৫ কোটি টাকা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই মামলার তদন্তকালে আর কোনও সম্পদের তথ্য পাওয়া গেলে সেটাও আইনামলে আনা হবে বলেও এজাহারে উল্লেখ করা হয়।