খালি পায়ে দৌড়ানো ছিনতাইকারীর সঙ্গে বুট পরে পেরে ওঠা কঠিন: ডিএমপি কমিশনার

খালি পায়ে দৌড়ানো ছিনতাইকারীর সঙ্গে বুট পরে পুলিশের পেরে ওঠা ‘কঠিন’ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার (৮ জানুয়ারি) ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ছিনতাই প্রতিরোধে রাজধানীবাসীকে নিজের মোবাইল ও ব্যাগ নিজ দায়িত্বে নিরাপদ রাখার মাধ্যমে পুলিশকে ‘সহায়তা’ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। ছিনতাইয়ের মাত্রা কমিয়ে আনতে গত এক সপ্তাহে ‘ব্যাপক ব্যবস্থা’ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘আমরা আপনাদের সাহায্য করবো। কিন্তু নিজের ব্যক্তিগত ব্যাগ এবং মানিব্যাগ, পার্স, মোবাইল নিজে একটু নিরাপদে রাখার চেষ্টা করবেন। তাহলে এ কাজটির মাধ্যমে আপনি আমাদের সহযোগিতা করতে পারবেন।’ এ সময় শহরে ছিনতাই বেড়ে যাওয়ার পেছনে মাদকাসক্তির যোগাযোগকে বড় কারণ হিসেবে তুলে ধরেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‘ইদানীং যে অপরাধটি মানুষের মধ্যে শঙ্কার সৃষ্টি করেছে সেটি ছিনতাই। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অধিকাংশ মাদকাসক্ত অল্প বয়সের ছেলেরা। ১৫ থেকে ২২ বছরের ছেলেরা মাদকে আসক্ত হয়ে এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।’

ছিনতাইয়ের ৮০ শতাংশই মোবাইল ছিনতাই জানিয়ে তিনি বলেন, ‘বাসে বা প্রাইভেটকারে যখন কেউ কথা বলেন, তখন তার মোবাইল নিয়ে দৌড় দেয়। তাদের হাতেনাতে ধরা অত্যন্ত কঠিন কাজ। আমার অফিসারদের কাছে বড় অস্ত্র থাকে, বুট পরা, ইউনিফর্ম পরা থাকে। ছিনতাইকারী থাকে খালি পায়ে বা কেডস পরা। তার সঙ্গে দৌড়ে পারাটা অনেক কঠিন।’

ছিনতাই প্রতিরোধে গত এক সপ্তাহে দিনে ও রাতে পুলিশ পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। তার কথায় এ জন্য পরিস্থিতিও কিছুটা ‘ভালো’ হয়েছে।