রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা-পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এই বিশেষ অভিযান চালানো হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. ইবনে মিজানের নেতৃত্বে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম সাড়ে ৪ ঘণ্টাব্যাপী এই বিশেষ অভিযান চালায়।
সূত্র আরও জানায়, গ্রেফতারদের মধ্যে রয়েছে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।