ঢাকা মহানগরের উত্তরা ও শেরেবাংলা নগর এলাকায় এবং বরিশাল, সিলেট, চাঁপাইনবাবগঞ্জে পরিবেশ অধিদফতর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত বন্ধে ৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। রবিবার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং আনুমানিক ২ হাজার ৪২ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় একটি পলিথিন কারখানা বন্ধ করে সিলগালা করা হয়।
ঢাকা মহানগরের উত্তরা, শেরেবাংলা নগর ও গাজীপুরে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রাখা এবং স্টিল/রি-রোলিং মিলের বায়ুদূষণের দায়ে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ১১টি প্রতিষ্ঠান থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।
ঢাকা মহানগরের মিরপুর-১ এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের দায়ে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানে ৩টি পরিবহনের চালককে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শব্দদূষণ প্রতিরোধে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে একটি যানবাহনের চালককে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং দুটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ঢাকার একটি প্রতিষ্ঠানে অবৈধভাবে সীসা/ব্যাটারি গলানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। অভিযানে দুই ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।