বাসে উঠে অভিনব কৌশলে মোবাইল চুরি, পাঁচজন গ্রেফতার 

ঢাকার গণপরিবহনে (বাসে) উঠে বিভিন্ন গ্রুপ এ বিভক্ত হয়ে অভিনব কৌশলে মোবাইল ফোন চুরি ও ছিনতাই করা এক চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভাটারার একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি ছিনতাই করা ও চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। 

ডিবি পুলিশের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার ভাটারা থানাধীন সুলমাইদের ফরাজী টোলা এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাড়ির চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে চক্রের পাঁচজনকে বিভিন্ন ব্র্যান্ডের ২৪টি মোবাইলসহ গ্রেফতার করা হয়। 

গ্রেফতার ব্যক্তিরা হলো— মো. এখলাস (২৭), মো. আলাউদ্দিন (৩২), মো. আল আমিন (২২), হৃদয় খান (২৬) ও মো. নাঈম (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ডিবি জানায়, গ্রেফতাররা একটি অভিনব ছিনতাইকারী ও চোর চক্র। এরা দলবদ্ধভাবে ঢাকার গণপরিবহন থেকে মোবাইল চুরি ও ছিনতাই করে থাকে। এদের দলের এক বা দুজন ‘ঠেকম্যান’ হিসেবে কৃত্রিমভাবে বাসে জ্যাম ও ঠেলাঠেলি শুরু করে। একজনকে বলা হয় ‘মেশিনম্যান’, যে সম্পূর্ণ অভিযানের লিডার হিসেবে কাজ করে এবং টার্গেট করা ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি বা ছিনতাই করে। পরের ধাপে থাকে ২/৩ জন ‘পাসম্যান’ যারা মেশিনম্যান মোবাইল নেওয়ার সঙ্গে সঙ্গে তার কাছ থেকে পাস করে দূরে দাড়িয়ে থাকা ‘ব্যাগম্যান’ এর কাছে। ‘ব্যাগম্যান’ তার কাছে থাকা ব্যাগে মোবাইলগুলো জমা করে।

গ্রেফতারদের বিরুদ্ধে ডিএমপির ভাটারা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানায় পুলিশ।