মেট্রোরেলের শুক্রবারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। শুক্রবার মেট্রোরেল চলাচল আধা ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। এখন থেকে শুক্রবার বিকাল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রোরেল চলাচল শুরু করবে।
বুধবার (১৫ জানুয়ারি) মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-ব্যবস্থাপক (প্রশাসন) সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৭ জানুয়ারি থেকে প্রতি শুক্রবার বিকাল সাড়ে ৩টার পরিবর্তে ৩টা থেকে মেট্রোরেল চলাচল করবে। সেই হিসেবে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন দুপুর ৩টায় ছাড়বে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।
অন্যদিকে মতিঝিল থেকে প্রথম ট্রেন বিকাল ৩টা ২০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে। উভয় দিকের চলাচলে প্রতি ট্রেনের মধ্যে বিরতি থাকবে ১০ মিনিট।
এতে আরও জানানো হয়, উত্তরা উত্তর স্টেশন থেকে শুক্রবার বিকাল ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল স্টেশন থেকে ৩টা ৫ মিনিটে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হবে। একইসঙ্গে র্যাপিড পাস কেনা এবং এমআরটি বা র্যাপিড পাসে টাকা প্রবেশ করানো যাবে। মেট্রোরেল চলাচলের অন্য সব কার্যক্রম আগের মতো থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।