চিকিৎসকসহ ডেলটা হেলথকেয়ারের সেই ৫ জনের জামিন

রামপুরার ডেলটা হেলথকেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আহত হয়ে পড়ে থাকলেও রিকশাচালক মো. ইসমাইলকে চিকিৎসা না দিয়ে অবহেলার অভিযোগে গ্রেফতার চিকিৎসক সাদি বিন শামসসহ পাঁচ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। 

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক জুবায়ের এ তথ্য জানান। 

অপর আসামিরা হলেন- ডেলটা হেলথকেয়ার হাসপাতালের মার্কেটিং অফিসার হাসান মিয়া, মেইনটেনেন্স কর্মকর্তা বোরহান উদ্দিন, সিকিউরিটি গার্ড ইসমাইল ও নাজিম উদ্দিন।

এর আগে গত ১৭ জানুয়ারি বিকালে ডেল্টা হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করে হাতিরঝিল থানা পুলিশ। পর দিন হাতিরঝিল থানার হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে ইসমাইল আলী গুলিবিদ্ধ হন। মামলার আসামিদের অস্ত্রের মহড়ার কারণে তিনি চিকিৎসা নিতে পারেননি। স্ত্রী লাকি বেগম হুমকির কারণে লাশ পর্যন্ত পোস্টমর্টেম করতে পারেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর লাকি বেগম হাতিরঝিল থানায় হত্যা মামলাটি করেন।