বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পদাক ও ঢাকা কলেজ শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক সাবেক আল্লামা ইকবালকে (৩৫) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (২২ জানুয়ারি) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওইদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর আশরাফুল ওমর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর পল্টন থানাধীন ইস্টার্ন প্লাস শপিং মলের পেছন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ঢাকার নিউমার্কেট থানাধীন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা (বিসিআইএসআর) পরিষদে ভাংচুর ও অগ্নিসংযোগ করে এজাহারনামীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ফলে প্রতিষ্ঠানটির ৪ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মিয়া বাদি হয়ে গত ২৫ নভেম্বর নিউমার্কেট থানায় মামলা করেন।