ক্ষমতার অপব্যবহার করে জমি দখলসহ বিভিন্ন অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্যাঞ্চলের সাবেক সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা ক্ষমতার অপব্যবহার করে ষড়যন্ত্র ও প্রতারণার মাধ্যমে খাগড়াছড়ি সদর উপজেলার আলুটিলা পর্যটনকেন্দ্রের পাশের গোলাবাড়ী মৌজায় ৪ একর খাস খতিয়ানভুক্ত রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে দখল করেন। বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে ওই সরকারি জমিতে খাস্রাং রিসোর্ট নির্মাণ করেছেন। যে জমির মূল্য মৌজা দর অনুযায়ী এক কোটি দুই লাখ ছয় হাজার টাকা। কিন্তু বাস্তবে বাজার মূল্য আরও অনেকগুণ বেশি। সরকারের এ সম্পত্তি আত্মসাৎ করে তিনি দণ্ডবিধিসহ দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।