সুপ্রিম কোর্টে দায়ের করা জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানির সরাসরি সম্প্রচার চেয়ে রিট দায়ের করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ১০ জন বাদী হয়ে এ রিট দায়ের করেন। তারা হলেন– সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ সাদিক, মিজানুল হক, ঢাকা কোর্টের আইনজীবী যায়েদ বিন আমজাদ, শিক্ষানবিশ আইনজীবী মাহমুদুল হাসান, সাব্বির আহমদ এবং চার জন আইনের ছাত্র।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় সচিব এবং আইসিটি মন্ত্রণালয়ের সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।
পরে রিটকারীদের আইনজীবী শিশির মনির বলেন, ‘তথ্য জানার অধিকার আইন দ্বারা স্বীকৃত। স্বচ্ছ বিচার পাওয়া সংবিধান স্বীকৃত অধিকার। পৃথিবীর বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ মামলাগুলো সরাসরি সম্প্রচার করা হয়। আমাদের সংবিধানের অনুচ্ছেদ ৩৫ অনুযায়ী স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বিচার একটি মৌলিক অধিকার। এই রিট বিচারপতি ফারাহ মাহবুবের আদালতে দায়ের করা হয়েছে।’
রিটে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ মামলার শুনানি কেন সরাসরি সম্প্রচার করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে একটি নীতিমালা প্রণয়নের জন্য কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। আইসিটি মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে যেন আপিল বিভাগে চলমান গুরুত্বপূর্ণ মামলার শুনানি করার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেন।