অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-২ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করা হয়। একইসঙ্গে শরীফ আহমেদের স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক শাহ আলম ও মোহাম্মদ শামীমের সম্পদ বিবরণী তলব করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ক্ষমতার অপব্যবহার করে তিন কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও নিজের নামে ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে তিনি ৪২ কোটি ৬৮ লাখ ৮১ হাজার ৮১৬ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে, শরীফ আহমেদের স্ত্রী শেফালী বেগম, শ্বশুর গোলাম মোস্তফা, শাশুড়ি জাহানারা বেগম, শ্যালক শাহ আলম ও মোহাম্মদ শামীমের সম্পদ বিবরণী তলব করা হয়েছে।
দুদক কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্বার্থ সংশ্লিষ্ট এই স্বজনদের নামে-বেনামে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে মর্মে তথ্য পেয়েছে দুদক। তাদের ব্যাংক হিসাবগুলোতেও বিপুল পরিমাণ অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হলেও তারা দুদকের কাছে বক্তব্য দিতে হাজির হননি। ফলে তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। এসব সম্পদ শরীফ আহমেদের কিনা সেটার অধিকতর যাচাইয়ের জন্য তাদের সম্পদ বিবরণী চাওয়া হয়েছে।