‘জুলাই শহীদদের নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ও গণহত্যায় জড়িত’ পুলিশ সদস্যদের বিচারসহ পাঁচ দফা দাবিতে পুলিশ হেডকোয়ার্টার ‘ঘেরাওয়ের’ উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় শাহবাগে সমাবেশ করে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
তাদের পাঁচ দফা দাবির অন্য চারটি হলো, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সব পুলিশ সদস্যকে গ্রেফতার ও বিচার, মামলা, মিথ্যা প্রতিবেদন ও হয়রানিতে যেসব পুলিশ কর্মকর্তা জড়িত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ; পুলিশে চাকরিরত ছাত্রলীগ সদস্যদের বাধ্যতামূলক অবসরে পাঠানো, জুলাই গণহত্যার দায়ে তিরস্কৃত ও বদলিকৃত পুলিশদের তালিকা জনসম্মুখে প্রকাশ এবং জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের পার্বত্য চট্টগ্রামে বদলি করতে হবে।
সমাবেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, জুলাই অভ্যুত্থানের জড়িতদের মধ্যে যাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তারা হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছে। যাদের জেলে থাকার কথা তারা কীভাবে মিছিল করে। আবার দেখা যায়, অনেকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাদের পার্বত্য চট্টগ্রামে বদলি করা হয়েছে। আমরা এই পুলিশ বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের উদ্দেশ্যে পুলিশ হেডকোয়ার্টার ঘেরাও করবো।