বেনাপোল কাস্টম হাউসের সাবেক কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের মহাপরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী ও তার স্ত্রী ফেরদৌস সুমির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের উপ-পরিচালক সালাহউদ্দিন। পরে আদালত সেটি মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আবেদনে বলা হয়, বেলাল হোসাইন চৌধুরীর দাখিল করা সম্পদ বিবরণী যাচাইসহ ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধানাধীন।
অনুসন্ধানকালে জানা গেছে, বেলাল হোসাইন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে ও কানাডাসহ বিভিন্ন দেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তাছাড়া তিনি তার ভাইসহ বিভিন্ন ব্যক্তির নামে ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ডেভেলপার, রিয়েল অ্যাস্টেট কোম্পানিসহ শেয়ার বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ করেছেন বলে তথ্য পাওয়া গেছে। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ দেশে ও বিদেশে বিভিন্ন মাধ্যমে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলেও অনুসন্ধানকালে তথ্য পাওয়া যায়।
অনুসন্ধানকালে আরও জানা গেছে, মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী সপরিবারে গোপনে দেশ ত্যাগের প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি বিদেশে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র পেতে ব্যাঘাত ঘটবে। তাছাড়া সার্বিক অনুসন্ধানকাজে বিঘ্ন সৃষ্টিসহ সমূহ ক্ষতির কারণ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান কার্যক্রমের স্বার্থে তাদের বিদেশ যাত্রা রোধ করা একান্ত প্রয়োজন।