সাবেক এমপি সাদেক খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আবেদনে বলা হয়, সাদেক খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ভূমি দস্যুতাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অর্জিত ৭ কোটি ৩০ লাখ ২০ হাজার ৬৬৪ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনপূর্বক তা নিজ দখলে রাখার অভিযোগ রয়েছে। সংসদ সদস্য থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে তার নিজ ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামীয় ২৯টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ৪৬৬ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ১৯০ টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগে দুদক মামলা দায়ের করে। 

তদন্তকালে জানা যাচ্ছে, সাদেক খানের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি তদন্তের স্বার্থে সাদেক খানের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।

২৪ আগস্ট রাজধানীর নাখালপাড়া এলাকা থেকে সাদেক খানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।