বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আত্মসাৎ, ঘুষ নেওয়াসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, মোনার্ক হোল্ডিংস লিমিটেড নামে ব্রোকারেজ হাউজের একজন পরিচালক, যিনি আমেরিকান প্রবাসী বাংলাদেশির মামলার ২নং আসামি জাভেদ এ মতিনের আমেরিকান নামসর্বস্ব মোনার্ক হোল্ডিং নামের কোম্পানির ব্যাংক হিসাব থেকে ৪টি ট্রান্সজেকশনের মাধ্যমে আসামি শিবলী রুবাইয়াত-উল-ইসলামের ব্যক্তিগত ব্যাংক হিসাবে ১ কোটি ৯২ লাখ টাকা পাঠান। তিনি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া ঘুষকে বৈধতা দেওয়ার জন্য ২নং আসামি জাভেদ এ মতিনকে অ্যাকর্ড অ্যাপারেল ইনকরপোরেশন, ইউএসএ-এর চেয়ারম্যান দেখিয়ে একটি ভুয়া বাড়িভাড়া চুক্তি করেন।
একইভাবে অপর একটি ঘটনায় শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পরিচালিত শেল কোম্পানি ২০২০ সালে রফতানি করার সরকারি অনুমোদনহীন ঝিন বাংলা ফেব্রিক্সের সঙ্গে ভুয়া পণ্য বিক্রয় চুক্তি দেখিয়ে ওই কোম্পানির ব্যাংক হিসাবে ৩ লাখ ৬১ হাজার ডলার সমতুল্য ৩ কোটি ৬ লাখ ২৭ হাজার ২৪০ টাকা দেশে এনে নিজের ঋণ পরিশোধ বাবদ ৮৯ লাখ ২৬ হাজার ২৯৬ টাকা ও বিভিন্ন তারিখে নগদ উত্তোলন করে ৯৫ লাখ ২ হাজার ৫২৪ টাকা হিসাবে ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকা ঘুষ নিয়েছেন। এসব কাজ তিনি ২০২০ সালের ১৭ মে থেকে ২০২০ সালের ১০ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে করেছেন।
অন্য আসামিরা হলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন (৬৫), ঝিন বাংলা ফেব্রিক্সের প্রোপাইটর আরিফুল ইসলাম (৭৮), মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দিলকুশা শাখার ফরেন এক্সচেঞ্জ বিভাগের সাবেক ইনচার্জ ইসরাত জাহান (৪৬), একই শাখার ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন (৫৪) এবং সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ (৫৬)।
এদিকে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবলী রুবাইয়াত-উল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।