প্রেসক্লাবের সামনে মিছিল ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আবু হাসিব মুক্তসহ তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বাকি দুই আসামি হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ (২৮) ও ঝালকাঠি জেলার রাজাপুর থানা ছাত্রলীগের সাবেক সাংগঠানিক সাইফুজ্জামান রুবেল (৩৫)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আসামিদের আদালতে হাজির করে শাহবাগ থানার মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক কেএম রেজাউল করিম।
এসময় আসামিপক্ষের আইনজীবী ফারাজানা ইয়াসমিন রাখি তাদের জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত ৬ ফেব্রুয়ারি সাড়ে ৭টার দিকে মিরপুর শেওড়াপাড়া এলাকা থেকে ছাত্রলীগের এই তিন নেতাকে গ্রেফতার করা হয়। এরআগে একই ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এ মামলা সূত্রে জানা যায়, আসামিরা গত ১ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তার ওপর, নিষিদ্ধ-ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কতিপয় সদস্য সংগঠিত হয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপ-প্রচারের উদ্দেশ্যে মিছিল ও লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণসহ আসামিরা বিভিন্ন স্লোগানে মিছিল দিয়ে তাদের নিষিদ্ধ-ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষে অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সম্মুখে কালো আইন বাতিল, নিষেধাজ্ঞা প্রত্যাহারে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে।