২০২৩ সালে রাজধানীর পল্টন মডেল থানাধীন বিএনপির সমাবেশ কেন্দ্রিক যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার মো. শহিদুল্লাহকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন সন্ধ্যা ৬টার পর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল্লাহেল বাকী।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘বিএনপির মহাসমাবেশ বানচালে তিনি কাজ করেছেন। অন্য আসামিদের সঙ্গে পরিকল্পিতভাবে তিনি সমাবেশ পণ্ড করতে সহযোগিতা করেন। এ হত্যায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন। তার ১০ দিনের রিমান্ড প্রার্থনা করছি।’
এ সময় আসামি শহিদুল্লাহ আদালতের অনুমতি নিয়ে বলেন, ‘বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে অনেক ঝামেলা হয়েছে, এটা সঠিক। আমি ওইদিন গুলশান এলাকায় দায়িত্বে ছিলাম। এক অঞ্চলের ডিসি আরেক এলাকায় যান না। রমনায় বিশৃঙ্খলা হয়েছে। সেখানে আমি ছিলাম না। তদন্তের সঠিক রহস্য উদঘাটন হবে। এটার মাধ্যমেই মামলাটি নিষ্পত্তি হোক।’
তবে আসামিপক্ষে কোনও আইনজীবী ছিলেন না। শুনানি শেষে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে রবিবার ভোররাতে রাজধানী রমনা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।