কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারি পরিচালক খোরশেদ আলম নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, আ কা ম সরওয়ার জাহান ও মাহমুদা সিদ্দিকার বিরুদ্ধে একে অপরের সহায়তায় অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার অভিযোগ রয়েছে। সরওয়ার জাহানের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের সম্পদ ভোগ দখলে রেখেছেন সরওয়ার ও তার স্ত্রী। এ অপরাধে তাদের বিরুদ্ধে মামলা করা করা হয়েছে।
ওই মামলা বর্তমানে তদান্তাধীন। তদন্তকালে জানা গেছে, আসামিরা অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশ যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হলো একান্ত প্রয়োজন।