রাজধানীর রামপুরা বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর স্ত্রী হোসনেয়ারা সোমবার (২৪ ফেব্রুয়ারি) রামপুরা থানায় অজ্ঞাতপরিচয় ৬ থেকে ৭ জনকে আসামি করে এ মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ। তিনি বলেন, গুলিবিদ্ধ আনোয়ার হোসেনের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন, যা এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। এজাহারে ৬ থেকে ৭ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, আনুমানিক ১৬০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ডাকাতির ঘটনা এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আসামিদের গ্রেফতারের বিষয়ে তিনি জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও ভাইরাল হওয়া ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেনকে দুর্বৃত্তরা গুলি ও ছুরিকাঘাত করে। হামলাকারীরা তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন বনশ্রী ডি ব্লকের পাঁচ নম্বর সড়কে অলংকার জুয়েলারি নামে তার দোকান বন্ধ করে সাত নম্বর রোডে তার বাসায় যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছানোর পরপরই মুখোশধারী ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত মোটরসাইকেল এসে তাকে ঘিরে ফেলে। তারা প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে তাকে গুলি করে স্বর্ণলঙ্কারের ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় বনশ্রীসহ আশপাশের এলাকায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।