মালামাল কেনাকাটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট থেকে এই অভিযান চালানো হয়। দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অভিযানে ১৬০ ডলার মূল্যমানের লাগেজ ট্রলি ৩৭০ ডলারে ক্রয়সহ অন্যান্য অভিযোগের দরপত্র সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ট্রলি ক্রয়ের বাজার দর যাচাই কমিটি, দরপত্র মূল্যায়ন কমিটি, অনুমোদনের কপিসহ ল্যাগেজ ট্রলি ক্রয়ের রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।’
আকতারুল ইসলাম জানান, পর্যাপ্ত কাগজপত্র দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আবেদন না করার কারণে দরপত্রের পুনঃ দরপত্র না হওয়া, উচ্চমূল্যে লাগেজ ট্রলি ক্রয়ের কারণ ইত্যাদি পর্যালোচনা করা হয়েছে। এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও রেসপন্সিভ ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদসহ অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ করে কমিশন বরাবর শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে।