দুহাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হলো সালমান-আনিসুলদের

রাজধানীর যাত্রাবাড়ী থানার বিভিন্ন মামলায় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কয়েকজনকে। এদিন সবার হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে আদালতে তোলা হয়।

আদালতে তোলা অন্যদের মধ্যে ছিলেন– সাবেক দুই সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও মো. নুরুজ্জামান আহম্মেদ, সাবেক এমপি ও সাবেক পুলিশ প্রধানসহ পুলিশকর্তারা।  

আজ সকাল ৯টা ৪৫ মিনিটে কারাগার থেকে ওই আসামিদের আদালতের হাজত খানা আনা হয়। এরপর সকাল ১০টা ২ মিনিটের দিকে  গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট পরানো হয় তাদের। পরে তাদের হাত পেছনের দিকে নিয়ে দুই হাত একত্র করে হাতকড়া পরানো হয়। এরপর তাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দুই পাশে পুলিশের সদস্য ও সামনে ঢাল ও লাঠিসহ পুলিশ সদস্যদের রাখা হয়। এভাবেই হাঁটিয়ে নিয়ে ১০টা ৬ মিনিটে তাদের দোতলায় আদালত কক্ষে তোলা হয়। আদালতের কাঠগড়ায় তোলার সময় খোলা হয় হেলমেট। শুনানি শেষে পুনরায় হাজত খানায় নেওয়ার সময়ও তাদের পেছনের দিকে হাতকড়া লাগানো ছিল।

জানা গেছে, আদালতে নিরাপত্তার স্বার্থে হাতকড়া পরানো হয়েছে। এ ক্ষেত্রে কখনও সামনে আবার মাঝে মাঝে পেছনের দিকে হ্যান্ডকাফ পরানো হয়। এটা নিয়মিত কাজের অংশ হিসেবে মনে করেন দায়িত্বরতরা।