স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক পিআরও অপুর বিরুদ্ধে দুদকের মামলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, শরীফ মাহমুদ অপু ৫৮ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। দুদকের অনুসন্ধানে এ তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বের একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, পদায়ন ও বদলি বাণিজ্যের অভিযোগে উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গত ১৫ আগস্ট একটি অনুসন্ধান টিম গঠন করে দুদক। অনুসন্ধান শেষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করেছে দুদক। এ পর্যায়ে অপুর বিরুদ্ধে বৃহস্পতিবার মামলাটি দায়ের করা হয়।