রাজধানীর আদাবর থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. কামরুল হাসান খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করে আদাবর থানা পুলিশের উপপরিদর্শক মো. চাঁদ আলী। এসময় আসামিপক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে, গতকাল বৃহস্পতিবার তাকে আদাবর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর শ্যামলী ও আদাবর এলাকায় আন্দোলনে অংশ নেন মাহফুজুল হক। এদিন দুপুরে কামরুল হাসান খোকনসহ আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। পরে এ ঘটনায় ২৯ নভেম্বর আদাবর থানায় হত্যা মামলা করেন।