প্রতারণার অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের চেয়ারম্যান মো. আইয়ুব আলী ও ব্যবস্থাপনা পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হননি। তাদের অনুপস্থিতির কারণে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৭ জুন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ডট কম লিমিটেডের 'বিগ বিলিয়ন রিটার্নের' ক্যাম্পেইন থেকে থ্রি এস করপোরেশনের বিডির মালিক মেহেদী হাসান ফয়সাল ৮২ লাখ ৪৪ হাজার ১৬০ টাকার মালামাল ক্রয় করেন। ২১ থেকে ২৫ কর্ম দিবসের মধ্যে মালামাল প্রদানের সময় থাকলেও কিউকম ডট কম সরবরাহ করেনি। এ ঘটনায় গত ১৩ আগস্ট ২০২৪ সালে প্রতারণার অভিযোগে কিউকম ডট কমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে আদালতে মামলা করেন ভুক্তভোগী মেহেদী হাসান ফয়সাল।