দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ এবং বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছেন ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতির নেতারা।
শনিবার (৮ মার্চ) রাজধানীর পল্টন মোড় এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া।
এ সময় সাংবাদিকদের সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সমিতির নেতারা। ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি রাখেন তারা।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, সাবেক সভাপতি সৈয়দ আফজাল হোসেন, সাবেক সভাপতি ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিকদার আবদুস সালাম, দফতর সম্পাদক আবুল খায়ের খান, সিনিয়র সদস্য মতিউর রহমান ও হুমায়ুন কবির।
মাহফিলে সার্বিক সহযোগিতা করেন ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, সময় টিভির নিউজ প্রেজেন্টার গোলাম রাব্বী, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার চৈতন্য, বাসসের রুমানা জামান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম।