সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী মিসেস রেজওয়ানা নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৭ মার্চ) এ দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব মুহাম্মদ আশরাফুল আলম খোকন সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮২৭ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তিনি ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে তার নিজ নামের তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ১ কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আমেরিকায় বাড়ি কিনেছেন। এতে দুর্নীতি দমন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, আশরাফুল আলম খোকনের স্ত্রী মিসেস রেজওয়ানা নূর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অসাধুভাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৮ লাখ ৮১ হাজার ৫৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তিনি তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬ কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮৩৭ টাকার সন্দেহজনক লেনদেন করে স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাদের দুজনের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।