দুর্নীতির অভিযোগ থাকা কারান্তরীণ হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২৬ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। ব্যারিস্টার সুমন দেশ ছেড়ে পলায়ন করে তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। তার বিদেশ গমন নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
গত ২১ অক্টোবর দিবাগত মধ্যরাতে ঢাকার মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।