সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা

সচিবালয়ের কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। রবিবার (১ জুন) থেকে তারা আর এক ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি পালন করবেন না। রবি ও সোমবার (১ ও ২ জুন) তারা উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেবেন।

বৃহস্পতিবার (২৯ জুন) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরিতে আয়োজিত এক কর্মচারী সমাবেশ শেষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের কো চেয়ারম্যান নুরুল ইসলাম এ তথ জানান।

সমাবেশ শেষে তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হবে। ২ জুন কর্মচারিরা স্মারকলিপি দেবেন দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে।

এ সময় নুরুল ইসলাম জানান, বিভাগীয় সদরদফতর জেলাপ্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও স্মারকলিপি পাঠানো হবে। এই তিন কার্যালয় থেকে স্মারকলিপি দেবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে।

কর্মচারী নেতা বলেন, আগামী শনিবার (৩১ মে) প্রধান উপদেষ্টা দেশে ফিরবেন এবং আমরা তার কাছ থেকে ভালো একটি সংবাদ শুনবো সেই অপেক্ষায় আছি। একইসঙ্গে ঈদুল আজহার ছুটি আসতে আর চার দিন বাকি আছে। এই চার দিনে আমরা কোনও কর্মবিতরি পালন করতে চাই না।