পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
শুক্রবার (৬ জুন) রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
র্যাবের মুখপাত্র বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও র্যাব ফোর্সেস দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। দেশব্যাপী নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তালিকাভুক্ত ঈদ জামাতস্থলগুলোতে নিরাপত্তা জোরদার, জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুর বড় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সুইপিং, ওয়াচ টাওয়ার, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল পেট্রোল, অবজারভেশন পোস্ট, চেকপোস্ট, সিসিটিভি মনিটরিং, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড টিম সার্বক্ষণিক প্রস্তুত, গোয়েন্দা নজরদারি জোরদার।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী আরও জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও ফেরিঘাটে র্যাবের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। নজরদারির আওতায় রয়েছে, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট কালোবাজারি, অতিরিক্ত যাত্রী বহন, মলম পার্টি, অজ্ঞান পার্টি, ছিনতাই, হয়রানি ও চাঁদাবাজি দমন, পশুবাহী গাড়িতে চাঁদাবাজি রোধে হাইওয়েতে নিয়মিত টহল ও চেকপোস্ট থাকবে।
রাজধানীসহ দেশের বিভিন্ন বিপণিবিতান, শপিংমল ও বিনোদন কেন্দ্রে স্ট্যাটিক টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। র্যাবের মুখপাত্র বলেন, এতে করে সাধারণ মানুষ নিরাপদে কেনাকাটা ও ঘোরাফের করতে পারবে। এছাড়া ঈদের ছুটিতে ঘরবাড়ি ফাঁকা থাকায় চুরি-ডাকাতি রোধে র্যাবের নজরদারি ও রাত্রিকালীন টহল বাড়ানো হয়েছে।
মলম পার্টির দৌরাত্ম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমার মনে হয় মলম পার্টির দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে। রংপুরে ১৩ জন এবং সিলেটেও এমন চক্রকে আটক করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘র্যাবের নিয়মিত অভিযানের কারণে অপরাধীদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে। এজন্য সংবাদমাধ্যমেও এ বিষয়ে খবর কম এসেছে। আশা করছি, এবার মলম পার্টি তেমন কার্যক্রম চালাতে পারবে না।’
তবে ঈদের সময় পশু ব্যবসায়ীসহ সাধারণ জনগণকে যেকোনও জরুরি প্রয়োজনে র্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার আহ্বান জানান র্যাবের মুখপাত্র। তিনি বলেন, ‘দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারে, সেটি নিশ্চিত করতেই র্যাব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।’