ছুটি কাটিয়ে চেনারূপে ঢাকার নিম্ন আদালত-পাড়া

ঈদুল আজহার ১০ দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ রবিবার (১৫ জুন)। দীর্ঘ ছুটির পর আজ থেকে আবার চিরচেনা আবহে ফিরেছে ঢাকার নিম্ন আদালত পাড়া। 

ঢাকা মহানগর, জেলা ও দায়রা জজ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সকাল ৮টার পরই পরিচ্ছন্নতাকর্মীরা ঝাড়ু দিচ্ছেন। পরিষ্কার করা হচ্ছে দরজা-জানালাসহ আসবাবপত্র। সাড়ে ৯টার দিকে বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতি দেখা যায় আদালত পাড়া। বিচারক এজলাসের ওঠার আগেই সুট-টাই-প্যান্ট পরে ফাইল হাতে কোর্টে উপস্থিত হন আইনজীবীরা। এরপর সকাল ১০টায় বিভিন্ন মামলার ধার্য তারিখের শুনানি শুরু হয়। শুনানি শেষ হবে দুপুর ১টায়। ঘণ্টা খানেক বিরতির পর নতুন কোর্ট পড়বে। দুপুর ২টার পর দিকে বিভিন্ন থানার নতুন গ্রেফতার হওয়া আসামিদের শুনানি শুরু হবে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। 

ঢাকা মহানগরের আইনজীবী রুহুল আমিন বলেন, সকাল থেকে খুবই ব্যস্ত সময় কাটছে। দীর্ঘদিন বন্ধ থাকায় আজ ৮ থেকে ১০টা মামলার তারিখ ছিল। সবগুলোর শুনানি শেষ করেছি। এখন দুপুরে আরও কয়েকটির শুনানি আছে। এখন (সকাল ১১টা) সেগুলোর প্রস্তুতি নিচ্ছি। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ২৭ নম্বর আদালতের পেশকার মোরশেদ আলী বলেন, ছুটির পর আদালত-পাড়া আগের মতোই শুরু হয়েছে। আজ এই আদালতে দুটি মামলার সাক্ষ্যগ্রহণ, একটার যুক্তিতর্ক উপস্থাপন ও ১৫টা মামলার শুনানি হয়েছে। 

আদালতের প্রসিকিউশন শাখার যাত্রাবাড়ী ও ডেমরা থানার উপপরিদর্শক শরিফুজ্জামান বলেন, ছুটির পর প্রথম দিন হওয়ায় আজ মামলা কম রাখা হয়েছে। আগামীকাল বেশ কিছু মামলার শুনানি হবে।