পাখির দোকান থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরে এলাকার কাঁচাবাজার ও পাখির দোকানগুলোতে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়ে বন্যপ্রাণী উদ্ধার করে।
উদ্ধার করা প্রাণীগুলোর মধ্যে রয়েছে, তিনটি পাহাড়ি ময়না, দুটি ঝুঁটি শালিক, দুটি গাং শালিক, দুটি তিলা ঘুঘু, ১৪টি শালিক, দুটি হিরামন তোতা, ২৩টি টিয়া, একটি বাজপাখি ও একটি কড়ি কাইট্টা।
বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানার নেতৃত্বে ছয় সদস্যের একটি অভিজ্ঞ দল সকাল থেকে বাজারের একাধিক দোকান ও স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত সংগঠন ‘সোয়ান’।
অভিযানে উদ্ধার করা অধিকাংশ বন্যপ্রাণীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। তবে অসুস্থ বন্যপ্রাণীগুলোকে আপাতত অফিসে নিরাপদভাবে সংরক্ষণে রাখা হয়েছে এবং পরে সেগুলোকেও মুক্ত প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।