পেন বাংলাদেশের সভাপতি ড. সামসাদ, সাধারণ সম্পাদক জাহানারা

লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’-এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মোর্তুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহানারা পারভীন।

বিগত কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন কথাসাহিত্যিক, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ।

শনিবার (১২ জুলাই) সংগঠনটির বার্ষিক সাধারণ সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন এই কমিটি গঠিত হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে সহ-সভাপতি পারভেজ হোসেন, মুহম্মদ মুহসিন ও শামীম রেজা, যুগ্ম-সম্পাদক হামীম কামরুল হক ও মোহসিন হাবিব, কোষাধ্যক্ষ লাভলী তালুকদার, প্রচার সম্পাদক শরাফত হোসেন এবং অফিস সম্পাদক জাহিদ সোহাগ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাকিরা পারভীন, মুহাম্মদ মহিউদ্দিন, ড. সুরাইয়া ফারজানা হাসান, শাহেদ কায়েস এবং ওয়াসীম পলাশ।

প্রধান নির্বাচন ক‌মিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি মা‌লেকা ফের‌দৌস। নির্বাচন ক‌মিশনার ছি‌লেন অনুবাদক ও অধ‌্যাপক র‌ফিক-উম-মুনীর চৌধুরী এবং কথাসাহি‌ত্যিক শাহনাজ নাসরীন। নির্বাচন ক‌মিশ‌নের স‌চিবের দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট ক‌বি তান‌জিম আল ইসলাম।

উল্লেখ্য, দেশভাগের পর ১৯৪৮ সালে যাত্রা শুরু করে পেন ইন্টারন্যাশনালের শাখা ‘পাকিস্তান পেন’। ওই সময় এর সভাপতি ছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ আলী আহসান। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সংগঠনটির নামকরণ করা হয় ‘পেন বাংলাদেশ’।