সহিংসতা ও মব-সন্ত্রাস বন্ধে সরকারের প্রতি গণতান্ত্রিক অধিকার কমিটির আহ্বান

দেশে সাম্প্রতিক সময়ে বিদ্বেষমূলক সহিংসতা, মব সন্ত্রাস, ধর্ষণ ও খুনের ঘটনার উদ্বেগজনক বিস্তারের প্রেক্ষাপটে সরকারের কঠোর অবস্থান দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি।

শনিবার (১২ জুলাই) সংগঠনের পাঠানো বিবৃতিতে এসব কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, দেশে ‘দঙ্গলতন্ত্র’ নামে এক নতুন ধরনের সংগঠিত সহিংস সংস্কৃতি গড়ে উঠেছে—  যা ধর্মীয় উগ্রতা ছাড়িয়ে রাজনৈতিক বিরোধ, স্থানীয় আধিপত্য ও ব্যক্তিগত শত্রুতার ভিত্তিতেও ছড়িয়ে পড়ছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘নাস্তিক’, ‘শাতিম’, বা ‘বেঈমান’ তকমা দিয়ে ভিন্নমতের মানুষদের টার্গেট করা হচ্ছে— যার ফলশ্রুতিতে খতিব, ব্যবসায়ী, এমনকি সাধারণ নাগরিকরাও খুন-নির্যাতনের শিকার হচ্ছেন। চাঁদপুর, পুরান ঢাকা ও খুলনায় সাম্প্রতিক ঘটনাগুলোর উদাহরণ দিয়ে বলা হয়, এসব ঘটনায় রাষ্ট্র হয় উদাসীন, নয়তো পরোক্ষ প্রশ্রয়দাতা।

গণতান্ত্রিক অধিকার কমিটি মনে করে, এটি কেবল আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে যুক্ত কিছু গোষ্ঠীর মদদে পরিচালিত সহিংস রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে সংগঠনটি।

বিবৃতিতে ব্লগার হত্যাসহ গত এক দশকের ধারাবাহিক ঘটনার উল্লেখ করে বলা হয়, এ এক পরিকল্পিত বিদ্বেষ-রাজনীতি, যার বিরুদ্ধে এখনই সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।