ভালো কাজের জন্য পুরস্কার পেলেন ডিএমপির যেসব কর্মকর্তা

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ নানা ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, জুন মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন যাত্রাবাড়ী থানার এসআই ফরহাদ হোসেন ও ভাটারা থানার এসআই মো. বিল্লাল ভুইয়া। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার এএসআই রকিবুল হাসান ও যাত্রাবাড়ী থানার এএসআই মো. আক্তারুজ্জামান মণ্ডল পলাশ।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-গুলশান বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে  নির্বাচিত হয়েছেন— ওয়ারী ট্রাফিক জোনের সার্জেন্ট এস এম হাসান মাহমুদ ও বাড্ডা ট্রাফিক জোনের সার্জেন্ট দেবপ্রিয় বড়ুয়া।