সূত্রাপুরে আগুন: আরও একজনের মৃত্যু, মৃত্যু বেড়ে ৩

রাজধানীর সূত্রাপুর কাগজি টোলার একটি বাসায় আগুনে দগ্ধ তামিম পেদা (১৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এতে এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মৃতের শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।’

এই ঘটনায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুই জন। তাদের একজন তামিমের বাবা মো. রিপন পেদা, যিনি শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছেন। এছাড়া তার মা মোছা. চাঁদনী, যিনি ৪৫ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, আগুন লাগার এ ঘটনাটি ঘটে সূত্রাপুরের কাগজি টোলার একটি বাড়িতে, যেখানে পরিবারটি ভাড়া থাকতো। আগুন লাগার কারণ তদন্তাধীন।