রাজধানীর আদাবর থানাধীন এলাকায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গুলি করে ইব্রাহীম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি রুবেল দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালত জবানবন্দি রেকর্ড করেন। অপরদিকে এ ঘটনায় দায়ের করা অস্ত্র মামলায় আসামি সজীবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এদিন আসামি রুবেল দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক আজিজুর রহমান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অস্ত্র মামলায় আসামি সজীবকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কমল চন্দ্র ধর। পরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলামের আদালত সেটি মঞ্জুর করেন।
এ ঘটনায় আজ (১৭ জুলাই) আদাবর থানার উপপরিদর্শক আলমগীর হোসেন অস্ত্র আইনে আদাবর থানায় মামলা করেন। আর নিহতের ভাই কবির হোসেন হত্যা মামলা করেন।
হত্যা মামলার অভিযোগে বাদী কবির উল্লেখ করেন, ১৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিং সোসাইটির বায়তুল মামুর জামে মসজিদের সামনে সোহাগের দোকানে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে মামলার আসামিদের স্থানীয়ভাবে সালিশ বসে। কিছুক্ষণ পর আসামি মো. রুবেলসহ মামলার অপর এজাহারনামীয় আসামি ও অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন আসামি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসে। এদিন ৬টা ৪৫ এ ভুক্তভোগী ইব্রাহিমের সঙ্গে আসামিদের আপস মীমাংসা না হওয়ায় আসামিরা ইব্রাহিমের সঙ্গে হাতাহাতি শুরু করে। ভুক্তভোগীকে চড় থাপ্পড়, কিল ও ঘুসি মারতে থাকে। তখন ইব্রাহিম চলে যেতে চাইলে আসামি মো. রুবেল মেরে ফেলার হুমকি দেয়। মো. সজিব কোমর থেকে পিস্তল বের করে বুকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পর পরই স্থানীয়রা আসামিদের আটক করে পুলিশে দেয়।