নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযানে জরিমানা, পলিথিন জব্দ

নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এই অভিযানে দুটি মামলার মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় ও ১৭৩ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) কিশোরগঞ্জ, ঢাকা জেলার নবাবগঞ্জ এবং ঢাকা মহানগরের ইমামগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান মালিক ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকতে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, ২০২৪ সালের ৩ নভেম্বর থেকে এ পর্যন্ত সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রি, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে মোট ৪৯৫টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালানো হয়। এসব অভিযানে ৯২৭টি প্রতিষ্ঠান থেকে ৬৮ লাখ ৭৪ হাজার ১০০ টাকা জরিমানা আদায় ও আনুমানিক ২ লাখ ৫১ হাজার ৫৪৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। 

এছাড়াও, দেশজুড়ে ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করে দেওয়া হয়েছে।

দূষণবিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।