সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নামে বিধিবহির্ভূতভাবে প্লট নেওয়ার অভিযোগ অনুসন্ধানে নথিপত্র তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুদক থেকে এই নথি তলবের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের যোগসাজশে ওই সুবিধা নিয়েছেন তিনি। দুদক থেকে এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর প্রয়োজনীয় রেকর্ডপত্র জরুরি ভিত্তিতে সরবরাহের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চিঠিতে অনুরোধ জানানো হয়।
সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে প্লট বরাদ্দ সংক্রান্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের (স্মারক নং রাজ-৫/২০০৫/৪৮৫, তারিখ ২১-০৯-২০১০) নথিপত্র চাওয়া হয়েছে চিঠিতে।
সাবেক এই প্রধান বিচারপতির প্লট দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানে দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি টিম অনুসন্ধানের দায়িত্ব পালন করছে। টিমের অপর সদস্যরা হলেন- সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সন্ধ্যায় আদালতের মাধ্যমে একটি হত্যা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।