শ্যামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার

রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন এলাকায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে শ্যামপুর থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- আরিয়ান সৈকত (২১),  মো. ওমর (২০) ও  ইয়ামিন হোসেন তরুণ (২০)।

শুক্রবার (২৫ জুলাই) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, আজ (শুক্রবার) সকাল সোয়া ছয়টার দিকে জুরাইন খন্দকার রোডের মাশ-আল্লাহ হোটেলের সামনে ৫-৬ জন সদস্য সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে শ্যামপুর থানার রাত্রিকালীন হোন্ডা মোবাইল টিম ও স্পেশাল ডিউটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।