সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৭ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও বিপুল পরিমাণ অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
দুদক কর্মকর্তা মো. আক্তার হোসেন জানান, শেখ আব্দুল হান্নান অসদাচরণের মাধ্যমে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ নিজ দখলে রেখেছেন। এছাড়াও তিনি ছয়টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এতে অবৈধ উপায়ে উপার্জিত অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আড়াল করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
বিমান বাহিনীর সাবেক এই শীর্ষ কর্মকর্তা কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পদ অর্জন করেছেন এবং কানাডায় তার পোষ্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলেও দুদক তথ্য পেয়েছে। যেটা মামলার তদন্তের সময় খতিয়ে দেখা হবে।
অপরদিকে, তাহমিদা বেগম তার স্বামীর সহযোগিতায় ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়াও তার ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেন করে অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।