রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলাকালে ফায়ার অ্যালার্ম সিস্টেম বিঘ্নিতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
তিনি জানান, সকালে যে আতঙ্ক ছড়িয়েছিল, সেটি আমরা উদ্বেগের সঙ্গে নিয়েছি। তাই সবাইকে নিরাপদ সড়ে যেতে বলেছি। কারণ সেখানে সবাই জাতীয় নেতারা ছিলেন। দুর্ঘটনার শঙ্কা থেকেই সাময়িক বন্ধ ছিল কার্যক্রম। পরবর্তীকালে জানতে পেরেছি, ভবনের ফায়ার অ্যালার্ম সিস্টেম বিঘ্নিত হয়েছে।
তিনি বলেন, বিষয়টি সম্পর্কে ফরেন সার্ভিস কর্তৃপক্ষের কাছে কমিশনের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানের পরিচালককে প্রধান করে এ তদন্ত কমিটি করা হয়েছে।
আশা করি, মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে প্রতিবেদন পাওয়া যাবে।
উল্লেখ্য, সোমবার (২৮ জুলাই) দুপুর সোয়া ১২টায় জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় ২০তম বৈঠক চলাকালে হঠাৎ আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় কমিশনের বৈঠক সাময়িক স্থগিত করা হয়। তখন রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। পরে দুপুর পৌনে ১টায় আবার কর্মসূচি শুরু হয়।