সম্মতি ছাড়াই প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেটে নাম

তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বিস্মিত নূরুল কবির

নিজের অনুমতি ছাড়াই রাষ্ট্রীয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে নাম প্রকাশে বিস্ময় প্রকাশ করেছেন ইংরেজি দৈনিক নিউজ এজ’র সম্পাদক নূরুল কবির।

সোমবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে নূরুল কবির বলেন, আমার গভীর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আমাকে রাষ্ট্রীয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে গেজেট করেছে। সেটিও ভুল বানানে! অথচ আমি কখনোই সম্মতি দেইনি।

তিনি আরও উল্লেখ করেন, এর আগেও একাধিক সরকার তাকে প্রেস কাউন্সিলে যুক্ত হওয়ার অনুরোধ জানালেও তিনি সবসময় তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। তবে এবার কেউ কোনও রকম যোগাযোগ না করেই তার নাম অন্তর্ভুক্ত করেছে, যা তিনি ‘অদ্ভুত’ বলে আখ্যায়িত করেন।

নূরুল কবির আরও লেখেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই, যদি সত্যিই এমন কোনও কর্তৃপক্ষ থেকে থাকে, তারা যেন আমার নামটি তালিকা থেকে প্রত্যাহার করে আমাকে বাধিত করেন।’