মানবপাচার কোনও ব্যক্তিগত অপরাধ নয়, এটি একটি মানবাধিকার সংকট। বুধবার (৩০ জুলাই) আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে এ কথা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
বিবৃতিতে বলা হয়, আজ আন্তর্জাতিক মানবপাচারবিরোধী দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘সংগঠিত অপরাধ মানবপাচার, বন্ধ হোক শোষণের অনাচার’ আমাদের স্মরণ করিয়ে দেয়, মানবপাচার একটি সংঘবদ্ধ ও পরিকল্পিত অপরাধ; যা মানব মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্তে মানবপাচার একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। বিশেষত নারী, শিশু, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং অসচ্ছল জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। পাচারের শিকার ব্যক্তিরা প্রায়ই শ্রম শোষণ, যৌন নিপীড়ন, গৃহশ্রমে নির্যাতন ও জোরপূর্বক বিয়ের মতো ভয়াবহ বাস্তবতার সম্মুখীন হন। অধিকাংশ ক্ষেত্রেই তারা ন্যায়বিচার, ক্ষতিপূরণ ও পুনর্বাসন থেকে বঞ্চিত থাকেন।
আসক মনে করে, মানবপাচার প্রতিরোধ ও প্রতিকার নিশ্চিত করা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও নৈতিক বাধ্যবাধকতা। পাচার প্রতিরোধে আইনি কাঠামো কার্যকর করা, ভুক্তভোগীদের মর্যাদার সঙ্গে সহায়তা দেওয়া এবং সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন একান্ত জরুরি।
এই দিবসকে সামনে রেখে আসক বলতে চায়, মানবপাচার কোনও ব্যক্তিগত অপরাধ নয়, এটি একটি মানবাধিকার সংকট। প্রতিটি মানুষের নিরাপদ, শোষণমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই সমাজ ও রাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার হওয়া উচিত।