ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-১ এর অধীনে ভুমি অধিগ্রহণে জালিয়াতি করে প্রায় পৌনে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর লালবাগের বাসিন্দা মো. রিয়াজ উদ্দীন নামে এই ব্যক্তি ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের লাইন-১ এর অধীনে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতলগঞ্জ মৌজায় ডিপো এক্সেস করিডোর নির্মাণের জন্য ভুমি অধিগ্রহণে জালিয়াতির আশ্রয় নেন। তিনি ভূমি অধিগ্রহণের নামে সরকারি কোষাগার থেকে ৪ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৪১৮ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।
রিয়াজ উদ্দীন প্রথমে সংশ্লিষ্ট জমির মূল দলিল হারিয়ে গেছে বলে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় ৫টি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীকালে তিনি সাব রেজিস্ট্রি অফিস থেকে ওই দলিলগুলোর সার্টিফায়েড কপি তুলে জমা দেন এবং ক্ষতিপূরণের টাকা তুলে নেন। দুদকের তদন্তে আরও জানা যায়, জমিগুলো এর আগে সোনালী ব্যাংকের কাছে বন্ধক রাখা হয়েছিল এবং বন্দকি দলিল এখনও কার্যকর রয়েছে।
প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করায় মো. রিয়াজ উদ্দীনের বিরুদ্ধে দন্ডবিধির বিভিন্ন ধারায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়।