স্ত্রী-সন্তানসহ জনস্বাস্থ্যের সাবেক প্রধান প্রকৌশলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকল্পে দুর্নীতি, টেন্ডারবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের (ডিপিএইচই) সাবেক প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ ও তার স্ত্রী বিপলী রায় এবং তাদের দুই সন্তান সন্তান ঈশানী সাধু খাঁ ও নৈঋতা সাধু খাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

সংস্থাটির পক্ষে উপপরিচালক মো. খায়রুল হক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট তুষার মোহন সাধু খাঁর  বিরুদ্ধে প্রকল্পে দুর্নীতি, টেন্ডারবাজি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান দল গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট তুষার মোহন সাধু খাঁ এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দানে একান্ত প্রয়োজন।