সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৪৭ জনের বিরুদ্ধে দুদকের ২ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৪৭ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা ও চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম। 

কর্মচারীকে মালিক সাজিয়ে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ঢাকার কাওরান বাজার ও চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ৪৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুটি দায়ের করা হয়। মামলায় ব্যাংকটির সাবেক দুই ব্যবস্থাপনা পরিচালককেও (এমডি) আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ক্রিসেন্ট ট্রেডার্স নামের নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চট্টগ্রামের জুবলী রোড শাখায় কোনও ধরনের যাচাই-বাছাই ছাড়াই একটি হিসাব খোলা হয়। পরে গ্রাহক সৈয়দ নুরুল ইসলামের ঋণের আবেদনে ওই শাখার কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেন। এছাড়াও শাখার ক্রেডিট কমিটির সদস্যরা যাচাই ছাড়াই সেই ভুয়া প্রতিবেদনসহ ২৫ কোটি টাকা ঋণের সুপারিশ পাঠান প্রধান কার্যালয়ে। ইউসিবির প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি ঋণ প্রস্তাবে ১৭টি নেতিবাচক পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ২৫ কোটি টাকা ঋণের অনুমোদন দেওয়া হয়।

প্রগ্রেসিভ ট্রেডিং নামীয় নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কাওরান বাজার শাখায় কোনও প্রকার যাচাই-বাছাই ছাড়াই একটি হিসাব খোলা হয়। পরে ওই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ হোছাইন চৌধুরী একই প্রক্রিয়ায় ঋণের আবেদনের পরিপ্রেক্ষিতে শাখার কর্মকর্তারা মিথ্যা তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেন এবং শাখার ক্রেডিট কমিটির সদস্যরা যাচাই ছাড়াই সেই ভুয়া প্রতিবেদনসহ ২৩ কোটি টাকা ঋণের সুপারিশ পাঠান প্রধান কার্যালয়ে। ইউসিবির প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটি ঋণ প্রস্তাবে নেতিবাচক পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের অনুকূলে ২৩ কোটি টাকা ঋণের অনুমোদন দেওয়া হয়েছে।

এসব অভিযোগে দুদকের সহকারী পরিচালক শোয়াইব ইবনে আলম এবং উপ-সহকারী পরিচালক মো. সজীব আহমেদ বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।