ভূয়া মর্টগেজ রেখে ১ হাজার কোটি টাকা ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান দুদকে চলমান থাকায় রংধনু গ্রুপের মালিক রফিকুল ইসলাম, তার ছেলে কাওসার আহমেদ অপু ও মেহেদী হাসান দিপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ নিষেধাজ্ঞার আবেদন করেন। জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আবেদনে বলা হয়েছে, মেহেদেী হাসান দিপু ও কাওসার আহমেদ অপু দুজনের পিতা রংধনু গ্রুপের মালিক মো. রফিকুল ইসলাম। রফিকুল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জে জাল-জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে ভুয়া মর্টগেজ রেখে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের অনুকূলে ইসলামী ব্যাংকের চট্রগ্রামের আন্দরকিল্লা শাখা থেকে ১ হাজার কোটি ঋণের নামে আত্মসাৎ করে বিদেশে অর্থপাচারসহ নিজ নামে ও পরিবারের সদস্যাদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমণে নিষেধাজ্ঞা প্রয়োজন।