কর্মকর্তাদের উদ্দেশে ডিএমপি কমিশনার

‘পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

সোমবার (১১ আগস্ট) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমপির কমিশনার বলেন, দীর্ঘদিন পর এদেশে সুন্দর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। ওই নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। পুরো পুলিশ বাহিনীর মান-মর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল  মোতায়েন থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, মোটরসাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধের ঘটনা বাড়ছে। এই প্রবণতা নিয়ন্ত্রণে কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। যেকোনও ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ডিএমপির সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া অপরাধ সম্পর্কে  আগাম তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে  এবং সাধারণ জনগণের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। এছাড়া পুলিশ সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও বোঝাপড়া বৃদ্ধি করতে হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি  উপস্থাপন করেন।

মাসিক অপরাধ সভায় জুলাই মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ,

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।