রাজধানীর ব্যস্ততম সড়ক সোনারগাঁও ক্রসিংয়ে এক ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করতে গিয়ে দায়িত্ববোধ ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজা।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সোনারগাঁও ক্রসিংয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ঘটনাটি ঘটে। ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ওই সময় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট রেজা-ই-আলম দস্তগীর এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটকাতে গেলে ছিনতাইকারী দ্রুত কারওয়ান বাজারের দিকে দৌড়ে পালাতে থাকে।
এসময় কারওয়ান বাজার দিক থেকে সোনারগাঁও ক্রসিংয়ে পৌঁছানো এডিসি সুমন রেজা দ্রুত গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন। ছিনতাইকারী মরিয়া হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করে। এতে তার ডান হাতের মধ্যমাংশ কেটে যায়। সুযোগ বুঝে ছিনতাইকারী স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
পুলিশের সহকর্মীরা জানিয়েছেন, সুমন রেজার এই তাৎক্ষণিক পদক্ষেপ না থাকলে ঘটনাস্থলে সাধারণ মানুষের ক্ষতি হতে পারতো। তার সাহসিকতা ও পেশাগত নিষ্ঠা পুলিশের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করছেন। এডিসি সুমন রেজার এই ঘটনাটি শুধু পুলিশের পেশাদারত্বের পরিচয় নয়, বরং নাগরিক সুরক্ষায় জীবনের ঝুঁকি নেওয়ার বাস্তব উদাহরণ।
এসব তথ্য জানিয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘এডিসি সুমন রেজার মতো সাহসী কর্মকর্তা আমাদের গর্ব। তার দ্রুত পদক্ষেপের কারণে একটি বড় ধরনের অপরাধ ঠেকানো সম্ভব হয়েছে। আমরা আশা করি, তার সাহসিকতা অন্যদেরও অনুপ্রাণিত করবে।’